স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান

মহান স্বাধীনতা দিবসের ৫৫তম বার্ষিকীতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
বৃহস্পতিবার সকালে দলের পক্ষ থেকে স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা জানান পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ঢাকা মহানগর কমিটির সদস্য বাবর চৌধুরী, জোনায়েদ হোসেন, স্বাধীন মিয়া, শিবু মোহান্ত, শিল্পাঞ্চল কমিটির নেতা সুমন মিয়া, মোহাম্মদ লিটন, ফারুক হোসেন, শিউলি বেগমসহ অন্যরা।
শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমে সাইফুল হক বলেন, “গণতন্ত্রের জন্য লড়াই করতে করতেই এদেশের মানুষের ৫৫ বছর কেটে গেল। এতদিনেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি।”
তিনি অভিযোগ করেন, রাষ্ট্র পরিচালনার ক্ষমতাকে অনেক সময় স্বেচ্ছাচারিতার লাইসেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্র, সাম্যের পরিবর্তে বৈষম্য এবং সামাজিক ন্যায়বিচারের বদলে নৈরাজ্য প্রতিষ্ঠা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সাইফুল হক বলেন, “লক্ষ লক্ষ শহীদের আত্মত্যাগের পরও আমরা তাদের স্বপ্নের সাম্যভিত্তিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি।”
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচন পরবর্তী নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও বহুত্ববাদী রাষ্ট্র গঠনের সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ যেন নষ্ট না হয়, সে জন্য সরকারকে প্রজ্ঞা ও দূরদর্শিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এছাড়া ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































