স্বাধীনতাবিরোধী অপশক্তি আবারও নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠছে: মির্জা ফখরুল

মহান স্বাধীনতা দিবসের ৫৫ বছর পর বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও পাকিস্তানপন্থি অপশক্তি আবারও নতুন চেহারায় মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিলেন, তারা নতুন চেহারা নিয়ে হাজির হয়েছেন।
শুক্রবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল, সেই একই অপশক্তি আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
তিনি দেশবাসীকে হুঁশিয়ার করে বলেন, এই অপশক্তিকে রুখে দিতে হবে। এদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর যে কোনো আঘাত মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আমাদের অতীতচারিতা বর্জন করতে হবে। কেবল পেছনের দিকে তাকালে চলবে না, বরং আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সামনে তাকাতে হবে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সব ষড়যন্ত্র ও অপশক্তিকে পরাজিত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তার নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
তিনি আরও বলেন, আমি কিন্তু সোশ্যাল মিডিয়া দেখি না। যারা দেখেন তারা ইতিমধ্যে জেনে গেছেন যে, সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































