মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের কারণ জানালেন সেই ওসি, আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

রাজধানীর মগবাজারের পাঞ্জাবির দোকান ‘নবীন ফ্যাশন’ বন্ধের ঘটনায় তলবের পর আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন হাতিরঝিল থানার তৎকালীন ওসি গোলাম মর্তুজা। এ সময় পুলিশের ভূমিকা তুলে ধরে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে পুলিশের ভূমিকা নিয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন ওসি।
গত বুধবার আদালত ওসিকে তলব করে তিন দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছিলেন। সেই সঙ্গে, ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে নবীন ফ্যাশনের পাঞ্জাবির দোকানটি খুলে দিতে ওসিকে নির্দেশ দেওয়া হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বঃপ্রণোদিত হয়ে ওই আদেশ দেন। সে অনুযায়ী, রোববার আদালতে হাজির হন গোলাম মর্তুজা। তিনি জবাব দাখিল করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
তিনি জানিয়েছেন, শো-রুমটির আকর্ষণীয় অফারকে কেন্দ্র করে হঠাৎ তৈরি হওয়া অতিরিক্ত ভিড় এবং বাইকারদের প্রচণ্ড চাপের কারণেই সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত শো-রুমটি বন্ধ করতে বাধ্য হয়।
ওসি আরও জানান, নবীন ফ্যাশনের বিশেষ অফারের খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক মানুষ ও বাইকার সেখানে জড়ো হন। সীমিত জায়গায় ধারণক্ষমতার বাইরে লোক চলে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সাময়িকভাবে শোরুমটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এদিকে মগবাজারের বিশাল সেন্টার মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ উপস্থিত হয়ে দোকানটি বন্ধ করে দিতে চাপ প্রয়োগ করার ঘটনায় গত ২৫ মার্চ হাতিরঝিল থানার ওসিকে ক্লোজড করা হয়। একই সঙ্গে এ ঘটনায় ডিএমপির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঈদুল ফিতরের আগের দিন শুক্রবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রির কারণে আশপাশের কিছু ব্যবসায়ী ‘নবীন ফ্যাশন’-এর দোকান বন্ধ করে দেয়। তারা কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ বিতরণ’-এর সঙ্গে তুলনা করে আপত্তি জানায়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ তখন কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ওঠে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











