গণভোটের রায় বাস্তবায়নে বিএনপির রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে: সাইফুল হক

গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, নির্বাচনে বিএনপি গণভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচার চালিয়েছে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছে। সে কারণে গণভোটের রায়ের পক্ষে অবস্থান গ্রহণ বিএনপির জন্য গৌরবজনক হবে।
শুক্রবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, গণভোটের অধ্যাদেশ নিয়ে আপত্তি থাকলেও প্রায় ৭১ শতাংশ ভোটার গণভোটের পক্ষে মত দিয়েছেন। এ অবস্থায় গণভোটের রায়কে নাকচ করা বিবেচনাসম্মত হবে না। জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই রায় বাস্তবায়নে তাদের উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই।
তিনি আরও বলেন, জুলাই সনদের বেশ কিছু সংশোধনী প্রস্তাবে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, ফলে সেগুলো বাস্তবায়নে দলটির ওপর বড় কোনো বাধ্যবাধকতা নেই। তবে এ বিষয়ে বিএনপি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বর্তমান জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে সাইফুল হক বলেন, সরকার গঠনের পর বিএনপি একটি চ্যালেঞ্জিং অবস্থার মুখোমুখি হয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারি-বেসরকারি অফিস, বিপণিবিতান ও সুপার মার্কেটসহ অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহারে কঠোরতা আরোপের আহ্বান জানান তিনি।
মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর সম্পাদক আবুল কালাম আজাদ, মীর রেজাউল আলম, বাবর চৌধুরী, মোহাম্মদ সালাউদ্দিন, অ্যাডভোকেট ফায়েজুর রহমান মনির, যুবরান আলী জুয়েল, আরিফুল ইসলাম, চুন্নু সিকদার, স্বাধীন হোসেন, রতন মোহান্ত, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ কাঞ্চন, নজরুল ইসলামসহ অনেকে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































