দলকে শক্তিশালী করতে দ্রুত সময়ের মধ্য কাউন্সিল করতে চায় বিএনপি

দলকে শক্তিশালী করতে দ্রুত সময়ের মধ্য কাউন্সিল করার বিষয়টি আলোচনা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি মহাসচিব বলেন, দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দলকে শক্তিশালী করতে দ্রুততম সময়ে কাউন্সিল করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। পাশাপাশি সরকারের ৪৭ দিনের কর্মসূচি নিয়ে পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়েছে।
তিনি বলেন, আমরা মনে করি যে, খুব দ্রুতই আমরা চেষ্টা করব দলকে কাউন্সিলের দিকে যাওয়ার জন্য।
কবে নাগাদ কাউন্সিল কবে নাগাদ হতে পারে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এটার জন্য আমাদের মিনিমাম কয়েকমাস সময় লাগবে। এরপর ঠিক করতে হবে কাউন্সিলের সময়।
বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয় ২০১৬ সালের ১৯ মার্চ।
শনিবার গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে রাত ৮টা ৪০ মিনিটে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। চলে আড়াই ঘন্টা।
বৈঠকে দলের সাংগঠনিক কর্মকান্ড ও জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকের পর বিএনপি মহাসচিব বলেন, ৪৭ দিনে সরকারের কর্মসূচি সম্পর্কে দলের স্থায়ী কমিটির মতামত নিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে কিছু কিছু সদস্য সেই সঙ্গে কিছু কিছু পরামর্শ দিয়েছেন।
জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।
সর্বশেষ গত ৯ জানুয়ারি গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়।
জেবি
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































