সরকারের দুই মাসের মাথায় মানুষের প্রত্যাশার পারদ নামতে শুরু করেছে: সাইফুল হক

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মাথায় জনগণের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
শুক্রবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত রাজনৈতিক পরিষদের সভায় গৃহীত প্রস্তাবে এ কথা বলা হয়। সভায় সভাপতিত্ব করেন সাইফুল হক।
সভায় ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের আম্রকাননে গঠিত মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের সরকারের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। প্রস্তাবে বলা হয়, এই সরকার ছিল মহান স্বাধীনতা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এর নেতৃত্বেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। একই সঙ্গে স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদনকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ন্যায্যতা প্রতিষ্ঠা ও বিশ্বে মুক্তিযুদ্ধের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
প্রস্তাবে আরও বলা হয়, স্বাধীনতার ঘোষণাপত্রে রাষ্ট্রের যে আদর্শিক ও রাজনৈতিক দিকনির্দেশনা দেওয়া হয়েছিল, গত ৫৫ বছরে বাংলাদেশ সেই পথ অনুসরণ করতে পারেনি। বরং সাম্যের পরিবর্তে বৈষম্য, মানবিক মর্যাদার পরিবর্তে বিভিন্ন সময়ে মানবিক বিপর্যয় এবং সামাজিক ন্যায়বিচারের বদলে নিপীড়নমূলক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচন এবং নতুন সরকারের দায়িত্ব গ্রহণ দেশের জন্য পরিবর্তনের একটি বড় সুযোগ তৈরি করেছিল। শুরুতে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা বাড়লেও অল্প সময়ের মধ্যেই তা কিছুটা কমতে শুরু করেছে, যা উদ্বেগজনক।
প্রস্তাবে সংবিধান ও রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদ ও সংসদের বাইরে রাজনৈতিক দল এবং জনগণের মতামতের ভিত্তিতে এগিয়ে নিতে সরকার ও সরকারি দলের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন বক্তব্য রাখেন। এছাড়া দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং দলের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































