দাবদাহে নাজেহাল জনজীবন, ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে বাড়তে থাকা তাপমাত্রায় চরম ভোগান্তিতে পড়েছে জনজীবন। রাজধানীসহ বিভিন্ন এলাকায় গরমে হাঁসফাঁস পরিস্থিতির মধ্যেই দেশের ৯ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। তবে একই সঙ্গে উত্তরের কয়েকটি অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পৃথক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ শুধু অব্যাহতই থাকবে না, বরং আগামী কয়েক দিনে তা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় দেখা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, যদিও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাজধানী ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৫৯ শতাংশ।
(ঢাকাটাইমস/২১ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































