স্কুল-কলেজে চালু হচ্ছে ইলেকট্রিক বাস, জ্বালানি তেলের নির্ভরতা কমানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২৬, ১৩:৫৮
অ- অ+

দেশের শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তুলতে বিদ্যুৎচালিত (ইলেকট্রিক) বাস চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানো এবং সড়কে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার হ্রাসের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গণপরিবহন ব্যবস্থাকে ধীরে ধীরে বিদ্যুৎনির্ভর করার পরিকল্পনার অংশ হিসেবেই শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে এসব বাস আমদানিতে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়েছে, যাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সহজে এই পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে পারে।

সরকারের এই সিদ্ধান্তের আলোকে গত ২৭ এপ্রিল একটি প্রজ্ঞাপন (এসআরও) জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপন অনুযায়ী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনের জন্য আমদানিকৃত ইলেকট্রিক বাসে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, মূল্য সংযোজন কর (ভ্যাট), সম্পূরক শুল্ক, আগাম কর (এটি) এবং অগ্রিম আয়করসহ সব ধরনের শুল্ক-কর সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় কিংবা তাদের পক্ষে কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে এসব বাস আমদানি করলেও একই সুবিধা প্রযোজ্য হবে।

তবে বাসগুলোকে শিক্ষার্থী পরিবহনের উপযোগী করে নির্দিষ্ট কিছু শর্তও আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—বাসের রঙ হলুদ হতে হবে এবং ‘স্কুল’, ‘কলেজ’ বা ‘স্টুডেন্ট বাস’ শব্দগুলো স্পষ্টভাবে দৃশ্যমান থাকতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ ও সাশ্রয়ী হবে, পাশাপাশি পরিবেশ দূষণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

(ঢাকাটাইমস/৫ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার