পদ্মায় উদ্ধার লাশ ফোরকানের কি না, নিশ্চিত নয় পুলিশ

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ১৪ মে ২০২৬, ১৮:৩০
অ- অ+

পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া এক যুবকের লাশ গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে হত্যার প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ডিএনএ পরীক্ষার পরই লাশের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে গাজীপুরের পুলিশ সুপার শরীফ উদ্দিন বলেন, ‘একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পদ্মা সেতুর ওপর এক ব্যক্তি কিছুক্ষণ অবস্থান করার পর নদীতে ঝাঁপ দেন। তাঁর সঙ্গে একটি ব্যাগ ও কিছু জামাকাপড় ছিল।’

পুলিশ সুপার বলেন, ‘ওই ব্যক্তি ফোরকান কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে।’

পুলিশ জানায়, পদ্মা সেতুর ওপর থেকে ফোরকানের ব্যবহৃত ব্যাগ ও জামাকাপড় উদ্ধার করেছে সিআইডি। এ ছাড়া এক ব্যক্তির কাছ থেকে ফোরকানের মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। মোবাইল পাওয়া ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, তিনি সেটি পদ্মা সেতুর ওপর পড়ে থাকতে দেখেন।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নৃশংস হত্যাকাণ্ডের পর ফোরকান সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

পাঁচ হত্যার ঘটনার পর থেকেই ফোরকান পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছিল।

গত ৮ মে রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একটি ভাড়া বাসায় ফোরকানের স্ত্রী শারমিন, তিন মেয়ে মীম (১৫), মারিয়া (৮), ফারিয়া (২) ও শ্যালক রসুল মিয়াকে গলা কেটে হত্যা করা হয়।

পুলিশ জানিয়েছে, পেশায় প্রাইভেটকারচালক ফোরকান প্রায় এক বছর আগে ওই বাসাটি ভাড়া নেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের মেরী গোপীনাথপুর গ্রামে।

হত্যাকাণ্ডের পরদিন সকালে ফোরকান তার ছোট ভাইয়ের স্ত্রীকে ফোন করে পাঁচজনকে হত্যার কথা জানান বলে পুলিশ জানিয়েছে। পরে প্রতিবেশীরা বাসায় গিয়ে নিহতদের লাশ দেখতে পান।

ঘটনাস্থল থেকে দেশীয় মদের খালি বোতল, রান্না করা পায়েশ ও কোমল পানীয়ের বোতল উদ্ধার করা হয়েছিল। এ ছাড়া কিছু প্রিন্ট করা কাগজও পায় পুলিশ। সেসব কাগজ থেকে জানা যায়, ফোরকান এর আগে স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পরকীয়ার অভিযোগ করেছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহ ও দাম্পত্য বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত
আগামীকাল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি
আরব আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, বিপাকে প্রবাসীরা
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন