ঈদে প্রায় ১ কোটি পশু কোরবানি হবে, সংকট নেই: কৃষিমন্ত্রী

আসন্ন ঈদুল আজহায় দেশে প্রায় ১ কোটি গরু, মহিষ ও ভেড়া কোরবানি হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। তিনি বলেছেন, দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই।
বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এর আগে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট–এ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী।
আমিন উর রশিদ বলেন, কোরবানির পশুর বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার সতর্ক রয়েছে। ভারত থেকে চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, এ বিষয়ে বিজিবির সঙ্গে বৈঠক হয়েছে, যাতে অবৈধভাবে কোনো পশু দেশে প্রবেশ করতে না পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন শুধু কোরবানির পশুতেই নয়, মাংস উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ। দেশের খামারিরা আধুনিক পদ্ধতিতে পশু পালন শিখেছেন এবং এ খাতের ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই বিদেশ থেকে গরু আমদানির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













