মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ২৯ মে ২০২৬, ০৯:২৩
অ- অ+

বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। প্রত্যাশিতভাবেই দলটির নেতৃত্বে আছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরটি হবে ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের ষষ্ঠ বিশ্বকাপ।

বৃহস্পতিবার ঘোষিত দলে ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের বেশির ভাগ খেলোয়াড়ই জায়গা পেয়েছেন। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, অধিনায়ক মেসি, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজসহ শিরোপাজয়ী দলের ১৭ জন সদস্য এবারও দলে আছেন।

কোচ লিওনেল স্কালোনি মূলত বিশ্বকাপজয়ী দলটির ওপরই আস্থা রেখেছেন। তবে অবসর ভেঙে অ্যাঞ্জেল ডি মারিয়াকে ফেরানো হয়নি। ২০২৪ সালের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এই উইঙ্গার।

চোটের কারণে কাতার বিশ্বকাপে খেলতে না পারা জিওভানি লো সেলসো এবার দলে ফিরেছেন। ২০১৮ বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর।

এবারের দলে কয়েকজন তরুণ ফুটবলারও জায়গা পেয়েছেন। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবারের মতো বিশ্বকাপ দলে সুযোগ পেলেন।

তবে কাতার বিশ্বকাপজয়ী দলের লেফট ব্যাক মার্কোস আকুনা ফিটনেস সমস্যার কারণে জায়গা হারিয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া রিয়াল মাদ্রিদের তরুণ ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, বোর্নমাউথের মার্কোস সেনেসি ও অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়াও দলে জায়গা পাননি।

‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে। এরপর জর্ডান ও অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

যারা সুযোগ পেলেন:

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে গোলরক্ষক হিসেবে আছেন এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো। ডিফেন্ডার হিসেবে জায়গা পেয়েছেন লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা। মিডফিল্ডে রয়েছেন লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। আর ফরোয়ার্ড লাইনে আছেন লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার