চার বছর পর ওয়ানডে দলে ফিরলেন মোসাদ্দেক হোসেন

প্রায় চার বছর পর বাংলাদেশ ওয়ানডে দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে তাকে।
২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন মোসাদ্দেক। দীর্ঘ বিরতির পর এবার আবারও তাকে জাতীয় দলে সুযোগ দিলেন নির্বাচকরা।
আগামী ৯ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। একই মাঠে ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে পরের দুটি ম্যাচ। এরপর দুই দল তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে।
নতুন ঘোষিত দলে জায়গা হয়নি আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কনের। তাদের পরিবর্তে দলে এসেছেন মোসাদ্দেক হোসেন ও উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান।
প্রধান নির্বাচক জানিয়েছেন, মোসাদ্দেকের সাম্প্রতিক ফর্মই তাকে দলে ফেরাতে বড় ভূমিকা রেখেছে। ঘরোয়া ক্রিকেটে বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে দারুণ ছন্দে ছিলেন এই অলরাউন্ডার। চলতি আসরে ছয় ইনিংসে ৩১০ রান করেছেন তিনি, গড় ৭৭.৫০ এবং স্ট্রাইক রেট ১২৯.১৭।
নির্বাচকদের মতে, ছয়–সাত নম্বরে ব্যাটিং এবং তার অলরাউন্ড সামর্থ্যই তাকে দলে ফিরিয়েছে। অন্যদিকে নুরুল হাসানও সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে দলে জায়গা পেয়েছেন।
নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়াদের বিষয়ে প্রধান নির্বাচক বলেন, সবাইকে যথেষ্ট সুযোগ দেওয়া সম্ভব হয়নি এবং এটি একটি কৌশলগত পরিবর্তন।
অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













