বিশ্ব বাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতার পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ না হওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে—এমন আশঙ্কায় বাজারে নতুন করে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৮৩ দশমিক ৪২ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪৬ সেন্ট বা ০ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে সোমবার (১৫ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে একটি সমঝোতার ঘোষণা আসার পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা যায়। সে সময় ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি প্রায় ৮৩ দশমিক ৭০ ডলারে নেমে এসেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা নিয়ে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অস্পষ্ট রয়ে গেছে। পাশাপাশি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়েও অনিশ্চয়তা রয়েছে। এসব কারণেই বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে এবং তেলের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
এদিকে, যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক (এমওইউ) ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে স্বাক্ষর করেছেন ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়েছে, নথিটিতে স্বাক্ষর করেছেন ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
তবে সমঝোতার পূর্ণাঙ্গ শর্তাবলি এখনো প্রকাশ না হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েক দিনে চুক্তির বিস্তারিত তথ্য এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের অগ্রগতির ওপর নির্ভর করবে তেলের দামের পরবর্তী গতিপ্রকৃতি।
(ঢাকাটাইমস/১৬ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































