দেশে আরও ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আসছে এমটি নিনেমিয়া

সংযুক্ত আরব আমিরাত থেকে আরও এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের পথে রয়েছে ট্যাংকার জাহাজ এমটি নিনেমিয়া। বুধবার (১৭ জুন) জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
জাহাজটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশে আসছে জাহাজটি।
এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে এমটি নিনেমিয়া চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছিল। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জাহাজটি তেল নিয়ে দেশে আসছে।
এদিকে গত মাসের মাঝামাঝি সময়ে সংযুক্ত আরব আমিরাত থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে এমটি ফসিল নামের আরেকটি জাহাজ বাংলাদেশে পৌঁছায়।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আমদানি করা এসব অপরিশোধিত তেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে পরিশোধন করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তেল আমদানির ধারাবাহিকতা বজায় থাকায় শোধনাগারের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
(ঢাকাটাইমস/১৬ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































