বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা উঠেছে মাত্র। এখনো নিজেদের প্রথম ম্যাচও খেলেনি কয়েকটি শিরোপাপ্রত্যাশী দল। তবে টুর্নামেন্টের শুরুতেই ফুটবলপ্রেমীদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রশ্ন—শেষ পর্যন্ত বিশ্বকাপের ট্রফি উঠবে কোন দলের হাতে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে চারটি জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটের শরণাপন্ন হয়েছিল ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। চমকপ্রদ বিষয় হলো, চারটি চ্যাটবটই সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে একই দলের নাম উল্লেখ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটি, ক্লদ, গুগল জেমিনি এবং মাইক্রোসফট কোপাইলটকে প্রশ্ন করা হয়—‘ফিফা বিশ্বকাপ ২০২৬ জেতার সবচেয়ে বেশি সম্ভাবনা কোন দলের?’
বিশ্লেষণে চারটি এআই মডেলই স্পেনকে শিরোপার সবচেয়ে সম্ভাব্য দাবিদার হিসেবে চিহ্নিত করেছে। সম্ভাবনার বিচারে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স।
চ্যাটজিপিটির মূল্যায়ন অনুযায়ী, বর্তমান পারফরম্যান্স, পরিসংখ্যান ও সামগ্রিক শক্তিমত্তার বিচারে স্পেন অন্য দলগুলোর চেয়ে এগিয়ে রয়েছে।
একই ধরনের মতামত দিয়েছে গুগল জেমিনি। তাদের বিশ্লেষণে স্পেন ও ফ্রান্স প্রায় সমান শক্তিশালী হলেও সম্ভাবনার হিসাব-নিকাশে স্পেন সামান্য এগিয়ে।
অন্যদিকে ক্লদের মতে, বর্তমান বুকমেকারদের পূর্বাভাস, স্কোয়াডের গভীরতা এবং সাম্প্রতিক সাফল্য বিবেচনায় স্পেনই বিশ্বকাপ জয়ের প্রধান ফেবারিট।
স্পেনের শক্তির অন্যতম কারণ হিসেবে তরুণ তারকা লামিনে ইয়ামালসহ -এর নাম উল্লেখ করা হয়েছে। তার পাশাপাশি অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়ে গড়া ভারসাম্যপূর্ণ দল স্পেনকে বাড়তি সুবিধা দিচ্ছে বলে মনে করছে এআই মডেলগুলো।
এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। ফলে শিরোপার লড়াইও আগের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ২০২২ সালের রানার্সআপ ফ্রান্স, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং জার্মানির মতো দলগুলোকে সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ফুটবল এমন একটি খেলা, যেখানে পূর্বাভাস সব সময় বাস্তবে রূপ নেয় না। অতীতের বিশ্বকাপগুলোতে একাধিকবার দেখা গেছে, শিরোপার প্রধান দাবিদার দলগুলোও অপ্রত্যাশিতভাবে বিদায় নিয়েছে। তাই এআই মডেলগুলোর বিশ্লেষণে স্পেন এগিয়ে থাকলেও বিশ্বকাপের প্রকৃত চ্যাম্পিয়ন জানতে অপেক্ষা করতে হবে ১৯ জুলাইয়ের ফাইনাল পর্যন্ত।
(ঢাকাটাইমস/১৬ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































