জমি যার, টাকা তার’—অধিগ্রহণের অর্থে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, শ্রীপুরে মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৭
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে সড়ক ও সেতু নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের অর্থ পেতে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এসব অনিয়ম বন্ধ করে প্রকৃত জমির মালিকদের দ্রুত অধিগ্রহণের অর্থ পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার বরমী বাজারসংলগ্ন পাইটাল বাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অধিগ্রহণ করা জমির মালিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ‘জমি যার, টাকা তার’—এই নীতির ভিত্তিতে অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ প্রকৃত মালিকদের পাওয়ার কথা থাকলেও তা পেতে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। অভিযোগ রয়েছে, অর্থ ছাড় করিয়ে দেওয়ার কথা বলে একটি চক্র জমির মালিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করছে।

ভুক্তভোগীরা বলেন, দীর্ঘদিন ধরে অধিগ্রহণের অর্থের আশায় অপেক্ষা করছেন তারা। জমির কাগজপত্র ও প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন করার পরও নানা অজুহাতে তাদের ঘোরানো হচ্ছে। এতে অনেক জমির মালিক আর্থিক ও মানসিকভাবে চরম ভোগান্তিতে পড়েছেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, জমি অধিগ্রহণের ক্ষেত্রে প্রকৃত মালিকদের স্বার্থ সুরক্ষিত করা এবং ক্ষতিপূরণের অর্থ প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে নয়, সরকারি নিয়ম অনুযায়ী সরাসরি জমির প্রকৃত মালিকের হাতে ক্ষতিপূরণের অর্থ পৌঁছে দেওয়ার দাবি জানান তারা।

এ সময় তারা হয়রানি ও কথিত চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, দ্রুত ক্ষতিপূরণের অর্থ পরিশোধ এবং ভবিষ্যতে অধিগ্রহণের অর্থ প্রদানের প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করার দাবি জানান।

ভুক্তভোগীরা বলেন, জমি হারিয়ে ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য যদি আবার দালালচক্রের হয়রানি ও অতিরিক্ত অর্থ দাবির মুখে পড়তে হয়, তাহলে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের দুর্ভোগ আরও বেড়ে যায়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের হস্তক্ষেপ কামনা করে বলা হয়, প্রকৃত জমির মালিকদের অধিগ্রহণের অর্থ পেতে কোনো ধরনের হয়রানি কিংবা অতিরিক্ত অর্থ দেওয়ার প্রয়োজন যেন না হয়—এ বিষয়টি নিশ্চিত করতে হবে।

(ঢাকা টাইমস/১সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩১
যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর, উঠল ভিসার স্থগিতাদেশ
ডিএমপির চার পুলিশ পরিদর্শকের কর্মস্থল বদল, তেজগাঁও থানায় নতুন ওসি
আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা