ভরিতে সাড়ে ৫ হাজার টাকা
বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। শনিবার দাম বাড়ানোর পর সোমবারও প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, বিশ্ববাজারে খাঁটি সোনা ও রুপার দাম বৃদ্ধির কারণে দেশের বাজারে সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে ঈদুল আজহার পর টানা চার দফায় সোনার দাম কমানো হয়েছিল। ওই চার দফায় ভরিপ্রতি সোনার দাম মোট ১৯ হাজার ৭৭১ টাকা কমে।
তবে গত শনিবার ও আজ সোমবার দুই দফায় সোনার দাম আবার ১২ হাজার ৭২ টাকা বেড়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ৫৫৬ টাকায় বিক্রি হবে।
এদিকে রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৩৩ টাকা ৪৪ পয়সা বাড়িয়ে ৫ হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে সাম্প্রতিক সময়ে সোনার দামের ওঠানামার প্রভাব দেশীয় বাজারেও পড়ছে। গত ৩০ দিনে আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি সোনার দাম ২৮৫ ডলার কমলেও সাম্প্রতিক সময়ে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সোমবার সোনার দাম আউন্সপ্রতি ৫৯ ডলার বেড়ে ৪ হাজার ৩২৮ ডলারে দাঁড়িয়েছে।
গত শনিবার দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সময় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ২১০ ডলার। সেই হিসেবে কয়েক দিনের ব্যবধানে দাম বেড়েছে ১১৮ ডলার।
চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৫ হাজার ডলারের ওপরে ওঠে। জানুয়ারিতে তা ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে সর্বকালের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়।
সোনার ভ্যাট কমানোর প্রস্তাব
বর্তমানে দেশে সোনা ও স্বর্ণালংকার কেনাবেচায় মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হয়। এতে প্রতি ভরি সোনায় ভ্যাটের পরিমাণ ১০ হাজার টাকারও বেশি হয়ে যায়।
তবে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোনার গয়নার ওপর ভ্যাট কাঠামো পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রতি ভরি সোনার ওপর নির্ধারিত ভ্যাট ২ হাজার ৫০০ টাকা করা হতে পারে। পাশাপাশি স্বর্ণালংকার সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৫ শতাংশ করার প্রস্তাবও রাখা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































