ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকত না: ট্রাম্প

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেন, এ কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।
ইরানের সঙ্গে সমঝোতার ঘোষণা দেওয়ার পর রোববার (১৪ জুন) নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
সাক্ষাৎকারে নেতানিয়াহুর সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান চূড়ান্ত চুক্তি প্রক্রিয়াকে প্রায় ভেস্তে দিতে বসেছিল। তিনি নেতানিয়াহুকে ‘খুবই কঠিন মানুষ’ বলেও উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, “সত্যি কথা বলতে, এ কারণে তার আমাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না।”
মার্কিন প্রেসিডেন্ট আরও সতর্ক করে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প দাবি করেছেন যে ইরানের ওপর চালানো ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাগুলো দেশটিকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে এবং সমঝোতায় রাজি হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তার ভাষ্য, “তারা তৃতীয় হামলা চায়নি। তারা বেঁচে থাকতে চায়।” তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের হামলার প্রভাব অত্যন্ত শক্তিশালী ছিল এবং সেটিই চুক্তি বাস্তবায়নের পথ সুগম করেছে বলে তিনি মনে করেন।
(ঢাকাটাইমস/১৫ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































