বিশ্বজুড়ে ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২৬, ১৫:০০
অ- অ+

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় বর্তমানে ৫৯ জন বাংলাদেশির নাম রয়েছে। বিশ্বজুড়ে প্রকাশিত এই তালিকায় মোট ৬ হাজার ৪৪২ জন পলাতক ও অভিযুক্ত ব্যক্তির তথ্য রয়েছে।

সম্প্রতি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। যদিও তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে, তবে তার নাম প্রকাশ্য ‘ওয়ান্টেড’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইন্টারপোলের সব রেড নোটিশ প্রকাশ্য তালিকায় দেখানো হয় না। অনেক ক্ষেত্রে তদন্তের স্বার্থে কিংবা অভিযুক্ত ব্যক্তিকে আত্মগোপনের সুযোগ না দিতে নাম গোপন রাখা হয়। তবে রেড নোটিশ সংস্থাটির সদস্যভুক্ত দেশগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর নেটওয়ার্কে সক্রিয় থাকে।

প্রকাশিত তালিকায় থাকা ৫৯ বাংলাদেশিকে বাংলাদেশসহ বিভিন্ন দেশ বিভিন্ন অপরাধের অভিযোগে খুঁজছে। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, সিঙ্গাপুর ও ইসওয়াতিনি।

বিদেশি রাষ্ট্রগুলোর খোঁজা বাংলাদেশিদের মধ্যে রয়েছেন চাঁদপুরের রাজু ঢালী, যাকে হত্যা মামলায় খুঁজছে সিঙ্গাপুর। আফ্রিকার দেশ ইসওয়াতিনি হত্যা মামলায় ঢাকার মো. মিলন ও লিটন ব্যাপারীর সন্ধান চেয়েছে। একই অভিযোগে দক্ষিণ আফ্রিকা খুঁজছে নোয়াখালীর মিজান মিয়াকে।

ভারত মুদ্রা জালিয়াতির অভিযোগে খুলনার আজিজুর রহমান, অজয় বিশ্বাস ও তরিকুল ইসলাম, নোয়াখালীর সবুজ, গোপালগঞ্জের আব্দুল আলীম শরীফ, নারায়ণগঞ্জের মনির ভূঁইয়া এবং চাঁপাইনবাবগঞ্জের শফিক উলকে খুঁজছে। অন্যদিকে বেলজিয়াম হত্যা মামলায় লক্ষ্মীপুরের খোরশেদ আলমের সন্ধান চেয়েছে।

মালয়েশিয়া চোরাচালানের অভিযোগে নাটোরের সিরাজ মোস্তফা এবং হত্যা মামলায় ফেনীর আলা উদ্দিনকে খুঁজছে। মালদ্বীপ তছরুপের অভিযোগে হানিফ নামের এক বাংলাদেশির বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে।

যুক্তরাষ্ট্র যৌন নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে জাহিদুল ইসলাম এবং অস্ত্র মামলায় ফজলুল আমীন জাভেদের সন্ধান চেয়েছে।

অন্যদিকে বাংলাদেশ সরকারের অনুরোধে ইন্টারপোলের মাধ্যমে যাদের খোঁজা হচ্ছে, তাদের মধ্যে রয়েছেন একাধিক হত্যা মামলার আসামি। এ তালিকায় বাগেরহাটের রবিউল ইসলাম, টাঙ্গাইলের মোহাম্মদ তাজউদ্দীন ও বাবু আহমেদ রাতুল, চট্টগ্রামের ইউসুফ ও সাজ্জাদ হোসেন খান, ফরিদপুরের নাইম খান ইকরাম, বগুড়ার কালা জাহাঙ্গীর ফেরদৌস, গাজীপুরের নুরুল দীপু ও আহাম্মেদ মজনুসহ আরও অনেকের নাম রয়েছে।

এ ছাড়া মানবপাচারের অভিযোগে কিশোরগঞ্জের জাফর ইকবাল, স্বপন, মিন্টু মিয়া ও তানজীরুল এবং মাদারীপুরের মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান চালানো হচ্ছে। পর্নোগ্রাফি মামলায় টাঙ্গাইলের ওয়াসিম, অস্ত্র মামলায় গিয়াস উদ্দিন, নির্যাতনের মামলায় চট্টগ্রামের অশোক কুমার দাশ এবং জালিয়াতির অভিযোগে জামালপুরের আমানুল্লাহ শফিক ও আতাউর রহমানও বাংলাদেশ সরকারের অনুসন্ধান তালিকায় রয়েছেন।

হত্যা মামলায় অভিযুক্ত জাহিদ হোসেন খোকন, সৈয়দ মো. হাছান আলী, আবুল কালাম আজাদ এবং সৈয়দ মো. হোসেনকেও খুঁজছে বাংলাদেশ।

উল্লেখ্য, ১৯২৩ সালে প্রতিষ্ঠিত ইন্টারপোল বর্তমানে বিশ্বের ১৯৬টি দেশের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ দমন, তথ্য বিনিময় এবং পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে সদস্য দেশগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় সাধনই সংস্থাটির প্রধান কাজ।

(ঢাকাটাইমস/১৬ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দৈনিক বাংলা, টাইমস ও বিচিত্রা পুনরায় চালু করতে হবে: মির্জা ফখরুলের
বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক
চায়না-সাউথ এশিয়া এক্সপোতে ৬ পুরস্কার অর্জন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা