দুদকের চেয়ারম্যান–কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ লক্ষ্যে শিগগিরই সার্চ কমিটি গঠন করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
জাতীয় সংসদে তিনি বলেন, দুদক পুনর্গঠনের অংশ হিসেবে সার্চ কমিটি গঠন করে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সার্চ কমিটি গঠনের জন্য ইতিমধ্যে দুই বিচারপতির নাম পাঠিয়েছেন প্রধান বিচারপতি। তাঁরা হলেন রেজাউল হক ও রাজিক আল জলিল। গত মে মাসের শেষ সপ্তাহে এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে চিঠি পাঠানো হয়।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হয়তো আপনারা মনে করেন সরকার আন্তরিক নয়। কিন্তু সরকার আন্তরিক ছিল। সার্চ কমিটি গঠন করা হবে এবং একটি দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করা হবে।’ তিনি বলেন, প্রধান বিচারপতি রোববার সার্চ কমিটির জন্য তাঁর প্রতিনিধিদের নাম পাঠিয়েছেন। ফলে কমিটি গঠনের পথ সুগম হয়েছে।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেওয়া হবে। এর মধ্য দিয়ে একটি কার্যকর ও শক্তিশালী দুদক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা দুদক–সংক্রান্ত অধ্যাদেশটি বর্তমান সংসদে অনুমোদন না পাওয়ায় আগের আইন কার্যকর হয়েছে। সেই আইনে সার্চ কমিটি গঠনের বিধান রয়েছে। বর্তমান উদ্যোগকে তিনি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে উল্লেখ করে বলেন, প্রস্তাবিত দুদক বিল সংসদে পাস হওয়ার পর আরও ক্ষমতাসম্পন্ন ও শক্তিশালী কমিশন গঠন করা হবে।
বর্তমান আইন অনুযায়ী, সার্চ কমিটিতে থাকবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), মন্ত্রিপরিষদ বিভাগের সদ্য বিদায়ী সচিব এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































