উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল, ঢাকায় এয়ার অ্যাস্ট্রার জরুরি অবতরণ

উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রামগামী এয়ার অ্যাস্ট্রার একটি উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
রবিবার (৫ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিমানে থাকা ৭০ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য সবাই নিরাপদে রয়েছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টার পরিবর্তে প্রায় দেড় ঘণ্টা বিলম্বে দুপুর ১২টার দিকে ফ্লাইটটি ঢাকা থেকে রওনা দেয়। তবে উড্ডয়নের মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই উড়োজাহাজটির একটি ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়।
পরিস্থিতি বিবেচনায় পাইলট তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে এসে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে।
তবে কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য দেয়নি।
এদিকে যাত্রীদের জন্য পরবর্তী সময়ে অন্য একটি উড়োজাহাজের ব্যবস্থা করা হয়। ওই বিকল্প ফ্লাইটে তাদের চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































