বুয়েটের নতুন উপউপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপউপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
বুধবার (২২ জুলাই) প্রকাশিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, তিনি বর্তমান উপউপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। সরকারের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম বুয়েটের পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক। ১৯৯৭ সালে তিনি বুয়েট থেকে কৃতিত্বের সঙ্গে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। একই বছর বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন।
দীর্ঘ একাডেমিক ও গবেষণা কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি ধাপে ধাপে পদোন্নতি লাভ করেন এবং ২০১৩ সালে অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক হিসেবেও দায়িত্বে রয়েছেন।
উচ্চশিক্ষা ও গবেষণার জন্য তিনি জাপানের সাইতামা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখানে তিনি ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ে দুই বছর পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলামের এ নিয়োগে বুয়েটের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনে তার নেতৃত্ব বুয়েটের একাডেমিক উৎকর্ষতা এবং গবেষণামূলক কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও মনে করা হচ্ছে।
(ঢাকাটাইমস/২৩ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































