মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার চারা রোপণ

'সবুজে সবুজে ভরবো দেশ, সবার আগে বাংলাদেশ'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় ১০ হাজার চারাগাছ রোপণের কর্মসূচি পালন করেছে জেলা পুলিশ। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের সরকারি কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই) এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, মাগুরা পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল এবং গ্রীন ভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মো. আশরাফুল আলম খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এ সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































