আন্ডারওয়্যারের মধ্যে লুকানো ছিল কোটি টাকার স্বর্ণ!

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ক্যাপসুলসদৃশ স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় এক ভারতীয় যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।
শনিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি-৯-৫২৬ ফ্লাইটে চট্টগ্রামে আসেন ভারতীয় নাগরিক থামিম আনসারি। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর সিআইআইডির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল তাঁকে শনাক্ত করে।
পরে দেহ তল্লাশি চালিয়ে তাঁর আন্ডারওয়্যারের ভেতরে বিশেষভাবে লুকানো ক্যাপসুলসদৃশ স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা জানায়, প্যাকিং সামগ্রীসহ উদ্ধার হওয়া বস্তুর প্রাথমিক ওজন ৪৫৫ গ্রাম। বর্তমানে স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী অপসারণ করে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কাজ চলছে। প্রাথমিক হিসাবে উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি টাকা।
এ ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণসহ বিভিন্ন পণ্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































