প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরি, সাবেক সহকারী পরিচালক গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অফিসের মালামাল, গ্যাস সিলিন্ডার ও ট্রাঙ্ক অনুমতি ছাড়া সরিয়ে নেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আশরাফুল মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ট্রাস্টের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) রেজওয়ানা আক্তার জাহান বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় মামলাটি করেন। দণ্ডবিধির ৩৮১ ধারায় কর্মচারী কর্তৃক চুরির অভিযোগে মামলাটি করা হয়েছে।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আশরাফুল মামুন আগে ট্রাস্টের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) হিসেবে কর্মরত ছিলেন। গত ৬ আগস্ট তাকে সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে দায়িত্ব দেওয়া হয়। তবে নতুন পদে যোগ না দিয়ে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ট্রাস্টের বিভিন্ন মালামাল সরিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, গত ৮ আগস্ট ছুটির দিনে সকাল সোয়া ৬টার দিকে আশরাফুল মামুন ট্রাস্টের অফিসের গাড়িতে করে তাঁর বর্তমান ঠিকানায় যান। গাড়িটি চালাচ্ছিলেন ট্রাস্টের আউটসোর্সিংয়ের চালক মো. আবুল কালাম। পরে দুপুর পৌনে ২টার দিকে তিনি ধানমন্ডির ১২/এ রোডে ট্রাস্টের কার্যালয়ে ফেরেন। বেলা পৌনে ৩টার দিকে বড় চারটি বস্তা ও কয়েকটি ব্যাগে করে মালামাল গাড়িতে তুলে তিনি অফিস ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া গত ১১ আগস্ট বিকালে অফিসের করিডর থেকে একটি ট্রাঙ্ক ট্রাস্টের চালক শামীম মৃধার মাধ্যমে ময়মনসিংহে তাঁর বাসায় পাঠানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বিষয়টি ট্রাস্টের আনসার সদস্য মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন বলে মামলায় বলা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ২৫ জুলাই বিকেলে একটি কাভার্ড ভ্যানে করে ট্রাস্টের চারটি গ্যাস সিলিন্ডার সরিয়ে নেওয়া হয়। আনসার সদস্য চালকের কাছে এ বিষয়ে জানতে চাইলে মালামালগুলো গাবতলী নেওয়া হচ্ছে বলে জানানো হয়। পরে আশরাফুল মামুনের কাছে বিষয়টি জানতে চাওয়া হলেও তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগ করা হয়েছে।
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ২৫ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে ট্রাস্টের মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠার পর গত ১৩ আগস্ট ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও আলোচনার পর ওই ঘটনায় মামলা করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































