বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের সব কার্যক্রমের মূল লক্ষ্য দেশের মানুষ ও গ্রামের মানুষের কল্যাণ নিশ্চিত করা।
আজ রবিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাছের পোনা অবমুক্ত করার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, আজ এখানে যে মাছ অবমুক্ত করা হলো, সেগুলো যখন বড় হবে, ডিম পাড়বে এবং বিভিন্ন খাল-বিলে ছড়িয়ে পড়বে, তখন এর সুফল বাংলাদেশের মানুষই ভোগ করবে। লন্ডন কিংবা জাপানের মানুষ এর সুবিধা পাবে না। দেশের মানুষের উপকারের জন্যই এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য দেশের মানুষ ও গ্রামের মানুষের কল্যাণ। বিগত নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপিকে বিজয়ী করেছে বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতিই এমন একটি রাজনীতি, যা বাস্তবায়ন হলে দেশের মানুষ ও গ্রামের মানুষ উপকৃত হবে। এই রাজনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চান তারা।
খাল খনন কর্মসূচির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে তারা সারা দেশে খাল খননের কর্মসূচি শুরুর কথা বলেছিলেন। সরকার গঠনের পর আল্লাহর রহমতে দেশের বিভিন্ন স্থানে খাল খননের কাজ শুরু হয়েছে। এর ফলে কৃষকরা উপকৃত হচ্ছেন এবং খালের আশপাশের মানুষ পানির সুবিধা পাচ্ছেন।
তিনি বলেন, শুধু খাল খনন করলেই হবে না, খালের পানি যথাযথভাবে ব্যবহার করতে হবে। কৃষিতে সেচ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি মাছের উৎপাদন বাড়াতেও এসব জলাশয় কাজে লাগাতে হবে।
প্রধানমন্ত্রী জানান, আজ ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন নদী ও বড় বড় খালে মাছের পোনা অবমুক্ত করা হবে। এতে কৃষকরা সেচ সুবিধা পাওয়ার পাশাপাশি মাছ উৎপাদন ও আহরণের মাধ্যমে দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণে সহায়তা হবে।
নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারী সমাজকে পিছিয়ে রেখে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার সময় নারীদের শিক্ষার প্রসারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, দেশের নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে। তাদের দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অংশীদার করতে হবে। নারী-পুরুষ সবার অংশগ্রহণ নিশ্চিত করেই বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।
মাছের পোনা অবমুক্তকরণকে ঘিরে পাকুন্দিয়ার মির্জাপুর এলাকায় সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় উপস্থিত বিপুলসংখ্যক মানুষ করতালি দিয়ে তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এবং কিশোরগঞ্জ-৪ আসনের এমপি মো. ফজলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৬ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































