আবুল কালাম আযাদের আপিল চলবে কি না, শুনানি ৩১ আগস্ট

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬, ১১:৪৭
অ- অ+

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে শুনানির জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

সোমবার (১৭ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবুল কালাম আযাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান এ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আবুল কালাম আযাদের আবেদনে আপিল করতে বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ডের সাজা স্থগিত রাখার আবেদন করা হয়েছে।

আপিলকারী পক্ষের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১৩ বছর আগে দেওয়া রায়ের বিরুদ্ধে গত ৬ জুলাই আপিল করেন আবুল কালাম আযাদ। আপিল করতে ৪ হাজার ৯১৫ দিন বিলম্ব হওয়ায় তা মার্জনার আবেদনও করা হয়েছে। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড স্থগিত রাখার আবেদন করা হয়েছে।

২০১৩ সালের ২১ জানুয়ারি পলাতক থাকা অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সদস্য আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিই ছিল ট্রাইব্যুনালের প্রথম রায়।

আবুল কালাম আযাদ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ইসলামবিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়ে পরিচিতি পেয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

দীর্ঘদিন পলাতক থাকার পর চলতি বছরের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে রাষ্ট্রপতির কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে তার মৃত্যুদণ্ডের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।

আত্মসমর্পণের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে আপিল করার জন্য প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের নির্দেশ দেন। পরে তিনি আপিল দায়ের করেন।

এখন আপিল বিভাগে মূল আপিল গ্রহণযোগ্য হবে কি না, বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড স্থগিত রাখার আবেদন—এসব বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ৩১ আগস্ট।

(ঢাকাটাইমস/১৭ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ, আইনি লড়াইয়ে ফেরানো হবে: চিফ প্রসিকিউটর
নারী যাত্রীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘পিংক বাস’, উদ্বোধন মঙ্গলবার
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল জ্বালানি তেলের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা