কলকাতার হোটেল ট্র্যাজেডি: নিহত ৯ বাংলাদেশিই চিকিৎসার জন্য গিয়েছিলেন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬, ১৪:১৩
অ- অ+

ভারতের কলকাতায় ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনই বাংলাদেশি। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন বলে জানা গেছে।

আজ বুধবার (১৯ আগস্ট) ভোর ৩টার দিকে নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের ওই হোটেলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে হোটেলের কয়েকজন অতিথি ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা।

দমকলের চারটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘন ধোঁয়ার কারণে হোটেলের ওপরের তলায় পৌঁছাতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়।

এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, আটকে পড়াদের উদ্ধার এবং আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং বর্তমানে ভবনটি ঠান্ডা করার কাজ চলছে।

প্রাথমিকভাবে হোটেলের একটি এয়ার কন্ডিশনার (এসি) থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পশ্চিমবঙ্গ সরকারের তিন মন্ত্রী ঘটনাস্থলে পৌঁছান। তারা হলেন পৌর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় এবং পূর্ণিমা চক্রবর্তী। তারা উদ্ধারকাজ ও পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

এদিকে কলকাতায় এই অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৭ আগস্ট ভোরে তারাপীঠের ‘হোটেল বিদেষিণী’-তে আগুন লেগে অন্তত আটজন নিহত হন। আহত হন আরও কয়েকজন।

পাঁচতলা ওই হোটেলের নিচতলায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। সে সময় বেশিরভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন। হোটেলটি তারাপীঠ মন্দিরের কাছে একটি পবিত্র পুকুরের পাশে অবস্থিত।

নিহতদের মধ্যে মেঘালয়ের একই পরিবারের পাঁচজন সদস্য ছিলেন। তাদের মধ্যে দুটি শিশুও ছিল। পরিবারটি হোটেলের ওপরের একটি তলায় অবস্থান করছিল।

পরপর দুই অগ্নিকাণ্ডের ঘটনায় পশ্চিমবঙ্গের হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

(ঢাকাটাইমস/১৯ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি: চিফ হুইপ
বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
কলকাতায় হোটেলে আগুন, কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি ও তিন বছরের শিশুকন্যা নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা