বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তার মতে, নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হতে পারে।
আজ বুধবার (১৯ আগস্ট) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর এবার আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আবেদনকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ বুধবার বিষয়টি জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে আরও ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।
গত বৃহস্পতিবার রিটটি দায়ের করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রিটে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন জানানো হয়।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ওই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে। তবে এ কারণে তিনি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।
আইনজীবী ইউনুছ আলী আকন্দের দাবি, সংবিধানের এই বিধানের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এতে তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হচ্ছে।
রিটটি হাইকোর্টে খারিজ হওয়ার পর এখন আপিল বিভাগে করা আবেদনের ওপর আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে। তবে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনুযায়ী, এ আইনি প্রক্রিয়ার কারণে বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।
(ঢাকাটাইমস/১৯ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































