নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো—ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তাদের বাড়ি দুপ্তারা খানপাড়া এলাকায়। নিহতদের মধ্যে ওজাইফার বাবার নাম আলআমিন, আফসার বাবার নাম মুন্না, রিয়া মনির বাবার নাম জাহাঙ্গীর ও রুবাইয়ার বাবার নাম রাকিব। এরা সবাই স্থানীয় স্কুলের বিভিন্ন শ্রেণিতে পড়াশুনা করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে চার শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করেন। সন্ধ্যায় উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর শিমুল জানান, দুটি শিশুকে আড়াইহাজার ও অন্য দুই শিশুকে ক্লিনিকে নেয়া হয়েছে। হাসপাতালে আনার আগে শিশুরা মারা গেছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































