রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্টে ১০০ কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৬, ১২:০২
অ- অ+

রোহিঙ্গা ক্যাম্পে পানি শোধনাগার বা ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পে ১০০ কোটি টাকা সহায়তা দিচ্ছে ডেনমার্ক সরকার। পাশাপাশি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্টের জন্য ডেনমার্ক সরকার প্রায় ১০০ কোটি টাকা দিচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে বিনিয়োগের বিষয়ে দেশটির আগ্রহ রয়েছে।

মীর শাহে আলম বলেন, মেঘনা নদী থেকে পানি এনে রাজধানীতে সরবরাহের জন্য ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ‘সায়েদাবাদ প্রকল্প’ নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করা সম্ভব হবে।

২০১৫ সালে শুরু হওয়া প্রকল্পটি ২০৩০ সালে শেষ হওয়ার কথা থাকলেও সরকার ২০২৯ সালের মধ্যে এর কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে। ইতোমধ্যে প্রকল্পের ১১ থেকে ১২ হাজার কোটি টাকার কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি।

প্রকল্পের শেষ পর্যায়ের কাজের জন্য ডেনমার্ক সরকার প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা সহযোগিতা করবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান এবং বাকি ৩ হাজার কোটি টাকা স্বল্প সুদে ঋণ হিসেবে পাওয়া যাবে। এই ঋণ ২০ বছরে পরিশোধ করতে হবে।

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প উৎস হিসেবে লবণাক্ত পানি শোধনের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

তিনি বলেন, চাঁদপুর বা মোংলার মতো এলাকায় লবণাক্ত পানি শোধনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ফিজিবিলিটি স্টাডির পরিকল্পনা করছে সরকার। এ কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছে এডিপি।

পরিশোধিত পানি গ্যাসের মতো পাইপলাইনের মাধ্যমে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা শহরের প্রায় ৭৪ শতাংশ পানি ভূগর্ভস্থ উৎস থেকে উত্তোলন করা হয়। অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। আন্তর্জাতিক মান অনুযায়ী ভূগর্ভস্থ পানির ব্যবহার ৩০ শতাংশের মধ্যে থাকা উচিত।

এদিকে বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। মীর শাহে আলম জানান, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করা হবে।

(ঢাকাটাইমস/২৫ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৬ আগস্ট মধ্যরাত থেকে রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের সময় হাতেনাতে গ্রেপ্তার ৫
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পেছাল
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সহিংসতার শঙ্কায় সতর্ক পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা