আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন আফরোজা আব্বাস। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে দায়িত্ব গ্রহণ করেন।
আফরোজা আব্বাস জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সহধর্মিণী।
এর আগে গত ১৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। অবৈতনিক এ নিয়োগ যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে চেয়ারম্যানও যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা দেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। নারীর আর্থসামাজিক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করার ক্ষেত্রেও সংস্থাটি কাজ করে।
(ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































