মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সেবায় অনিয়মের অভিযোগ, পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবার খোঁজ নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার সকালে তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে জানতে চান তিনি।
পরিদর্শনকালে রোগীদের কাছ থেকে ডেঙ্গুর বিভিন্ন পরীক্ষা বাইরে থেকে করানোর অভিযোগ পান স্বাস্থ্যমন্ত্রী। পরে তিনি বলেন, ডেঙ্গুর সব ধরনের পরীক্ষা মুগদা হাসপাতালে রয়েছে। এরপরও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানোর অভিযোগ পাওয়া যাচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য মুগদা হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। হাসপাতালটিকে প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে। এরপরও রোগীরা সেবা থেকে বঞ্চিত হলে তা মেনে নেওয়া যায় না।
তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের চিকিৎসা ও অন্যান্য সেবা পাওয়ার বিষয়ে খোঁজ নেন।
জানা গেছে, মুগদা হাসপাতালের সেবার মান নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেবা প্রত্যাশীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসার পর তিনি সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে যান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













