আজ ৮১তম জাতিসংঘ দিবস

আজ ২৪ অক্টোবর, জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আন্তর্জাতিক এ সংস্থা। বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত জাতিসংঘ এবার ৮১তম বছরে পদার্পণ করেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং লিগ অব নেশনসের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের অভিশাপ থেকে রক্ষা করার প্রত্যয় নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক বিরোধ নিরসন, মানবিক সহায়তা, উন্নয়ন কার্যক্রম ও শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। সংস্থাটির নামকরণ করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। বর্তমানে জাতিসংঘের সদস্যরাষ্ট্র ১৯৩টি। সংস্থাটির প্রধান নির্বাহী হলেন মহাসচিব। বর্তমানে এ দায়িত্বে রয়েছেন পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস।
স্বাধীনতার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে জাতিসংঘের সদস্যপদ লাভের উদ্যোগ নেয় বাংলাদেশ। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্যরাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয় দেশটি। এরপর থেকে বহুপক্ষীয় কূটনীতি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে বাংলাদেশ।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমেও বাংলাদেশের অবদান উল্লেখযোগ্য। ১৯৮৮ সালে ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে কর্মকর্তা পাঠানোর মধ্য দিয়ে এ কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ শুরু হয়। এরপর বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশি সামরিক ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সদস্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘদিন ধরে শীর্ষ অবদানকারী দেশগুলোর মধ্যে রয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ১৫ সদস্য নিয়ে গঠিত। এর মধ্যে পাঁচটি স্থায়ী ও ১০টি অস্থায়ী সদস্যরাষ্ট্র রয়েছে। স্থায়ী পাঁচ সদস্য হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। স্থায়ী সদস্যদের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে, যা নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষা হলো ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি। তবে সচিবালয়ের কার্যকরী ভাষা ইংরেজি ও ফরাসি।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ২০২৬ সালের ২ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৯৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। ৮ সেপ্টেম্বর থেকে এক বছরের মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করছেন।
এর আগে, ১৯৮৬ সালে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন। ফলে আন্তর্জাতিক এ সংস্থার গুরুত্বপূর্ণ নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্বের ইতিহাস রয়েছে।
জাতিসংঘ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি আন্তর্জাতিক সহযোগিতা, শান্তি, মানবাধিকার ও টেকসই উন্নয়নের গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গে জাতিসংঘ সনদের মূলনীতি বাস্তবায়ন এবং বিশ্বব্যাপী সংঘাত নিরসনে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও স্মরণ করিয়ে দেয়।
(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













