জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৮ মাসের শিশুসহ নিহত ৩

জামালপুরের মেলান্দহে একটি দ্রুতগামী ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী একই পরিবারের ৩ সদস্য নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্বামী, স্ত্রী ও তাদের মাত্র আট মাস বয়সী কন্যাসন্তান। এছাড়া এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়নগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২৩) এবং তাদের আট মাস বয়সী শিশুকন্যা রিফা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি যাত্রীবাহী অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। একই সময়ে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। বুরুঙ্গা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ঘাতক ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোরিকশাটিকে সরাসরি চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই মারা যান মোরশেদ আলম। স্থানীয়রা তার স্ত্রী ইকরামা ও শিশু রিফাকে উদ্ধার করে দ্রুত মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারাও মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও অটোরিকশাচালকসহ আরও ৩ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা মেলান্দহের মালঞ্চ এলাকায় ধাওয়া করে সেটিকে আটকে সমর্থ হয়। তবে ট্রাকের চালক ও সহকারী কৌশলে পালিয়ে গেছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহতের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহযোগীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।"(ঢাকাটাইমস/০৭ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













