জামালপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

শেখ হাসিনার দেশে ফেরাকে স্বাগত জানিয়ে জামালপুরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর শাখার নেতা-কর্মীরা।
রবিবার (৮ নভেম্বর) সকালে শহরের প্রধান সড়কে এ মিছিল বের করা হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এদিন সাড়ে ৮টার দিকে শহরের বকুলতলা মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৫ মিনিট ৯ সেকেন্ডের ভিডিওতে মিছিলের সামনে একটি ব্যানার দেখা যায়। ব্যানারের এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এবং অন্য পাশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর ছবি রয়েছে।
ভিডিওতে মিছিলকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জামালপুরের মাটি, শেখ হাসিনার ঘাঁটি’, ‘শেখ হাসিনার ভয় নেই, আমরা আছি লক্ষ ভাই’ এবং ‘ডাক দিয়েছে ছানু ভাই, ঘরে থাকার সময় নেই’।
মিছিল শেষে অংশগ্রহণকারীরা তমালতলা মোড় থেকে সরে যান।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেছেন, ১৫-২০ জনের একটি খন্ড মিছিল শহরের বকুলতলা থেকে তমালতলা পর্যন্ত মিছিল করেছে। তাদের অধিকাংশেরই মুখোশ পড়া। তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা অব্যাহত রয়েছে।
(ঢাকা টাইমস/৮নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










