কারাগারে বসে ভিডিও কলের দাবি ভুয়া, আদালত প্রাঙ্গণে ধারণ করা হয়েছিল ভিডিও: কারা কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুলাই ২০২৬, ০৯:০৬
অ- অ+

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কারাগারে বসে ভিডিও কলে হাসিনার ফেরার বার্তা দিচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা’ শিরোনামে প্রচারিত ভিডিওটি কারাগারের ভেতরে ধারণ করা হয়নি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তাদের দাবি, ভিডিওটি লক্ষ্মীপুর জেলা কারাগারের নয়; বরং আদালতে হাজিরার সময় আদালত প্রাঙ্গণে ভিডিও কলের মাধ্যমে ধারণ করা হয়েছিল।

আজ মঙ্গলবার কারা কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ‘Daily Jugantor’ নামের একটি পেজে প্রকাশিত ভিডিওটির প্রতি কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হওয়া যায়, ভিডিওটির কোনো অংশই লক্ষ্মীপুর জেলা কারাগারের অভ্যন্তরে ধারণ করা হয়নি।

কারা কর্তৃপক্ষ জানায়, গত ২০ জুলাই সন্ত্রাস দমন আইনের একটি মামলায় হাজতি নম্বর ১৯৪৬/২৬ মির্জা আশরাফুজ্জামান (রাসেল) এবং হাজতি নম্বর ২৪৪২/২৬ মো. নাঈম হোসেনকে লক্ষ্মীপুর আদালতে হাজিরার জন্য নেওয়া হয়। আদালত প্রাঙ্গণে অবস্থানকালে তাদের একজন মোবাইল ফোনে ভিডিও কলে এক ব্যক্তির সঙ্গে কথা বলেন। সে সময় অন্য একজন ওই দৃশ্য ধারণ করে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।

জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট বন্দিও বিষয়টি স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কারা কর্তৃপক্ষের ভাষ্য, এ ধরনের প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্য কারাগার সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি করে। কারাগারের মতো সংবেদনশীল প্রতিষ্ঠান সম্পর্কে যাচাই-বাছাই ছাড়া মিথ্যা তথ্য প্রচার করা দায়িত্বজ্ঞানহীন এবং নিন্দনীয়। একই সঙ্গে এটি প্রচলিত আইনেরও পরিপন্থী বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনাটি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট বন্দিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারের নিরাপত্তা নিশ্চিতে তারা সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে এ ধরনের সংবাদ বা ভিডিও প্রচারের আগে যথাযথ তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/২৮ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ স্মিথ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা