বাজেট অধিবেশনে খালি মন্ত্রিসভা বেঞ্চ, উদ্বেগ স্পিকারের

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের এক সংসদ সদস্য। এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদও বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও বেশি উপস্থিতি দেখতে চান বলে মন্তব্য করেছেন।
আজ সোমবার স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
সাইফুল আলম খান বলেন, বাজেট অধিবেশনে অধিকাংশ সময় অনেক মন্ত্রীকে সংসদে দেখা যায় না। সরকারি ও বিরোধী দলের সদস্যরা বিভিন্ন বিষয়ে বক্তব্য দিলেও সংশ্লিষ্ট মন্ত্রীরা অনেক সময় উপস্থিত থাকেন না। তিনি এ বিষয়ে স্পিকারের হস্তক্ষেপ কামনা করেন।
জবাবে স্পিকার বলেন, বাজেট অধিবেশন একটি গুরুত্বপূর্ণ অধিবেশন। অর্থমন্ত্রী উপস্থিত থাকলেও অন্য মন্ত্রীদেরও সংসদে উপস্থিত থাকা প্রয়োজন। তিনি মন্ত্রীদের প্রতি অধিবেশনে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান।
পরে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, অনেক মন্ত্রী রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। তবে সংসদে তাঁদের উপস্থিত থাকা উচিত। তিনি বলেন, বাজেট-সংক্রান্ত আলোচনায় অর্থমন্ত্রী নিয়মিত উপস্থিত থাকেন এবং বিভিন্ন খাত সম্পর্কিত প্রশ্ন ও আলোচনার জবাব দিয়ে থাকেন।
চিফ হুইপ আরও বলেন, সরকারের অন্যান্য মন্ত্রীদেরও সংসদে উপস্থিত থেকে সরকারি ও বিরোধী দলের সদস্যদের বক্তব্য শোনা এবং সমস্যার সমাধানে ভূমিকা রাখা প্রয়োজন।
এ সময় টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মন্ত্রীদের অনুপস্থিতির সমালোচনা করার আগে বিরোধী দলের সদস্যদেরও নিজেদের উপস্থিতির বিষয়টি বিবেচনা করা উচিত। তিনি উল্লেখ করেন, বিরোধী দলের নেতা ও উপনেতাও অধিবেশনে উপস্থিত ছিলেন না।
তবে প্রতিমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার বলেন, বিরোধী দলের নেতা উপস্থিত না থাকলেও মন্ত্রীদের উপস্থিতি বেশি গুরুত্বপূর্ণ। কারণ, সংসদ সদস্যরা তাঁদের এলাকার সমস্যা ও বিভিন্ন বিষয় মন্ত্রীদের কাছেই তুলে ধরেন। তিনি বলেন, সংসদের কার্যকারিতা ও সৌন্দর্য বজায় রাখতে সরকারি ও বিরোধী সব পক্ষের সদস্যদের উপস্থিতি কাম্য।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































