৩ ঘণ্টা পর মহাখালী-তেজগাঁও সড়কের অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২৬, ১৫:৪০
অ- অ+

বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধের পর মহাখালী-তেজগাঁও সংযোগ সড়ক ছেড়ে গেছেন পোশাক শ্রমিকরা। আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে সড়কটিতে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে সকাল ১০টার দিকে বকেয়া বেতন, অর্জিত ছুটির অর্থসহ সাত দফা দাবিতে শত শত পোশাক শ্রমিক মহাখালী-তেজগাঁও সংযোগ সড়কের লাভ রোড সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।

অবরোধের কারণে সড়কটির উভয় পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। কয়েক ঘণ্টার মধ্যে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শ্রমিকরা সড়কের ওপর বসে বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

বিক্ষোভকারী শ্রমিকরা সাত দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে চলতি বছরের মে মাসের বকেয়া বেতন পরিশোধ, ২০২৫ সালের অর্জিত ছুটির অর্থ প্রদান, ডিসেম্বর ২০২৫-এর বকেয়া এরিয়া বিল পরিশোধ, নোটিশ পে-বিল প্রদান, শ্রম আইন অনুযায়ী পরবর্তী ১২০ দিনের বেতন-ভাতা অগ্রিম পরিশোধ, শতভাগ সার্ভিস বেনিফিট প্রদান এবং শ্রমিকদের প্রাপ্য আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি না করার নিশ্চয়তা।

এ বিষয়ে মাহবুবুর রহমান জানান, সকাল ১০টার পর শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে তেজগাঁও-মহাখালী সড়কের লাভ রোড এলাকায় অবস্থান নেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তারা অবরোধ তুলে নেন।

অবরোধ প্রত্যাহারের পর আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে সড়কে যান চলাচল পুনরায় শুরু হয়। তবে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় আশপাশের এলাকায় সৃষ্টি হওয়া যানজট কাটতে কিছুটা সময় লাগে।

(ঢাকাটাইমস/১৬ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরান হরমুজ প্রণালীতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে: ট্রাম্প
অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী
মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাতে ভ্যাটের নির্দিষ্ট করের পরিকল্পনা
জিয়ার স্মৃতিবিজড়িত  চৌক্কার খাল নামমাত্র খনন, তিন কোটি টাকা নয়-ছয়ের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা