যৌন উত্তেজক ওষুধ তৈরি করে ছয় মাসের কারাদণ্ডের পর এবার দলীয় সব পদ হারালেন এনসিপি নেতা শাহেদ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৭| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৭
অ- অ+

যৌন উত্তেজক ওষুধ তৈরি এবং তা মেয়াদোত্তীর্ণের পরও সংরক্ষণের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড পাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ ও দায়িত্ব বাতিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সাদিয়া ফারজানা দিলার সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বায়েজিদ হোসেনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক এলাকায় বায়েজিদ হোসেনের মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ নামের একটি কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইনসানা তানজীন ইকো।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কারখানাটি অবৈধভাবে পরিচালনা করে আসছিলেন বায়েজিদ হোসেন। সেখানে শিশুদের জন্য বেবি জেল, প্রাপ্তবয়স্কদের বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হতো। অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করা হয়।

অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালত বায়েজিদ হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

অভিযানের বিষয়টি বুধবার গণমাধ্যমে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। তিনি বলেন, ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬(১) ধারা লঙ্ঘনের অভিযোগে অভিযানটি পরিচালনা করা হয়।

বায়েজিদ হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে তিনি ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করেন।

এ বিষয়ে ফরিদপুর জেলা এনসিপির সদস্যসচিব সাইফ হাসান খান বলেন, দলের কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বায়েজিদ হোসেনের বিষয়ে খোঁজখবর নিয়ে বিষয়টি কেন্দ্রকে জানানো হবে।

তবে এর মধ্যেই কেন্দ্রীয় এনসিপি তাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হরমুজ প্রণালি খুলবে কবে? ৭ শর্ত জানাল ইরান
বরগুনা-ঝালকাঠি থেকে সহযোগী এনে ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতেন পিচ্চি আল-আমিন: এসআরবি
ঢাবিকে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত