‘দুর্নীতি কমিয়ে আনাই হবে মুজিব বর্ষের উত্তম কাজ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২০, ১৮:২৭
অ- অ+

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে দুর্নীতিই প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, এই দুর্নীতির মাত্রা যতটা কমিয়ে আনা যায়, সেটাই হবে মুজিব বর্ষে আমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ।

বুধবার নতুন বছরের শুরুর দিন ‘দুর্নীতি দমনে অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যানের এমন মন্তব্য আসে। ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কর্মশালাটির আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত সাংবাদিকদের ইংরেজি নববর্ষ ও মুজিব বর্ষের শুভেচ্ছা জানান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, ‘আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে দুর্নীতি হলো প্রধান অন্তরায়। এই দুর্নীতির মাত্রা যতটা কমিয়ে আনা যায়, সেটাই হবে মুজিব বর্ষে আমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ।’

মানুষ সংবাদপত্রে প্রকাশিত সংবাদ মন থেকে বিশ্বাস করে এমনকি শিশুরাও সংবাদপত্র থেকে শেখে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘সংবাদপত্র ও টেলিভিশন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমার মনে হয় সংবাদপত্রের সবচেয়ে বড় দায়িত্ব দেশের প্রতি।’

‘কোনো সংবাদ যেন দেশের ভাবমূর্তি ক্ষুন্নন না করে, সে দিকটাও মাথায় রাখতে হবে। শুধু সংবাদপত্র নয়, আমাদের সকলের কর্মপ্রক্রিয়ায় সর্বপ্রথম থাকা উচিত দেশ, তারপর আপনি, আমি, আমরা সবাই।’

দুর্নীতি দমনে কে বড় কে ছোটো তা বিবেচনা না করে কমিশন ‘নির্মোহভাবে’ কাজ করছে দাবি করে ইকবাল মাহমুদ বলেন, ‘বিগত প্রায় চার বছরে কোনো সিদ্ধান্ত গ্রহণে আমরা পিছপা হইনি। আমি দ্ব্যার্থহীন কণ্ঠে বলতে পারি, এ সময়ে কারো দ্বারা প্রভাবিত হইনি। যা করছি নিজের বিবেক-বিবেচনা বোধ থেকেই করছি।’

সংবাদকর্মীদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে যদি আমাদের প্রতিষ্ঠানের কোনো দোষত্রুটি খুঁজে পান, তা নিয়েও সংবাদ প্রকাশ করবেন। জনগণকে জানাবেন। কারণ দুদক জনগণের প্রতিষ্ঠান। আপনারা আমাদের শত্রু নন, বরং সহযোগী বা সহযাত্রী।’

প্রকাশিত সংবাদে দুদকের সমালোচনা করা হলেও কমিশন সাংবাদিকদের শত্রু ভাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘বরং প্রাতিষ্ঠানিক সংস্কারে সমালোচনার প্রয়োজন রয়েছে। আমরা সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করি।’

অন্যদের মধ্যে দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান, এ এফ এম আমিনুল ইসলাম, সচিব মুহাম্মদ দিলোয়ার বখত, দুদকের প্রশিক্ষণ অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেল এবং রিপোটার্স এগেইনস্ট করাপশন (র‌্যাক) সাধারণ সম্পাদক আদিত্য আরাফাত কর্মশালায় বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/০১জানুয়ারি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নকল ওষুধের সরবরাহ বন্ধে অভিযান অব্যাহত থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
নারীর লাশের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
সব মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষ্যে স্মরণ সভার নির্দেশ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা