১০ টাকা কেজির চালসহ আ.লীগ নেতা আটক

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০, ২২:১৬
অ- অ+

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুস্থদের জন্য ১০ টাকা কেজির চালসহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। তার নাম আলাল উদ্দিন স্বপন। তিনি গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার বাড়ি থেকে ওএমএসের ৬৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। তিনি ওএমএসের ডিলার।

শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম সরকার ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে স্বপনের বাড়িতে অভিযান চালান। তার সঙ্গে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ও কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শিশির কুমার কর্মকারও ছিলেন।

ইউএনও নাজমুল ইসলাম সরকার জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে সম্প্রতি দুস্থদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হলে ওএমএসের ডিলার আলাল উদ্দিন স্বপন ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ পান। রেজিস্ট্রারে তিনি দেখিয়েছেন মাথা পিছু পাঁচ কেজি করে ৪৯২ জনকে ১০ টাকা দরে চাল দেয়া হয়েছে।

তবে অভিযোগ পাওয়া গেছে, তিনি প্রায় ২০০ ব্যক্তির কাছ থেকে ওএমএসের কার্ড কেড়ে নিয়েছেন। আবার রেজিস্ট্রারে জাল স্বাক্ষর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এছাড়া রেজিস্ট্রারে অনেকের স্বাক্ষরই নেই। অভিযোগ পাওয়া যায় ডিলার স্বপন ১০ টাকা কেজি দরের চাল আত্মসাত করেছেন।

এ অভিযোগের প্রেক্ষিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি ঘরে ৬৭ বস্তা চাল পাওয়া যায়। প্রতিটি বস্তায় পাওয়া গেছে ৫০ কেজি চাল। সরকারি বস্তা থেকে বের করে চালগুলো সাধারণ বস্তায় ভরে রাখা হয়েছিল। বাড়িতে এতো চাল পাওয়ার পর আওয়ামী লীগ নেতা স্বপনকে আটক করা হয়েছে।

ইউএনও জানান, চালগুলো গুদামে থাকার কথা। গুদামের সামনে থাকার কথা সাইনবোর্ড। কিন্তু কিছুই নেই। চাল ছিল বাড়িতে। তার বাড়িতে প্রায় শতাধিক ব্যক্তির কার্ড পাওয়া গেছে, যেগুলো বিতরণের কথা ছিল। স্বপন চাল আত্মসাতের চেষ্টার অভিযোগ স্বীকার করে বলেছেন, একজন নেতার নির্দেশেই এই কাজ করেছেন।

রাত ৮টার দিকে ইউএনও জানান, তারা এখনও ঘটনাস্থলেই আছেন। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ শেষে আওয়ামী লীগ নেতা আলাল উদ্দিন স্বপনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হবে। উপজেলা খাদ্য কর্মকর্তা মামলার বাদী হবেন।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4