এসপি মাসুদের রাজশাহীতে যোগদান

আলোচিত পুলিশ সুপার (এসপি) মাসুদ হোসেন রাজশাহীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার তিনি রাজশাহী জেলা পুলিশের এসপি হিসেবে দায়িত্ব নেন।
রাজশাহী জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসপি মাসুদ হোসেন রাজশাহী এসে প্যারেড দলের সালামী অভিবাদন গ্রহণ করেন। পরে দুপুরে তিনি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের সকল ইউনিটের প্রধানের সঙ্গে পরিচিত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিশেষ মতবিনিময় করেন। সভায় জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও (ওসি) উপস্থিত ছিলেন।
বিশেষ সভায় এসপি সকলকে জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় প্রত্যাশিত সেবা পৌঁছে দেয়ার নির্দেশনা দেন। এছাড়া মাদক-সন্ত্রাস-জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এসপি বলেন, ‘থানা হবে সেবা প্রদানের প্রাণকেন্দ্র। দেশপ্রেম, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।’
পুলিশের কোন সদস্যের মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় হুঁশিয়ারি দেন এসপি।
প্রসঙ্গত, কক্সবাজারে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা হত্যা নিয়ে আলোচিত হন এসপি মাসুদ। এর প্রেক্ষিতে সম্প্রতি তাকে রাজশাহীতে বদলি করা হয়। আর রাজশাহীর তৎকালীন এসপি শহিদুল্লাহকে পাঠানো হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) । কয়েকদিন আগে তিনিও নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন।
(ঢাকাটাইমস/১অক্টোবর/পিএল)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































