দুই অতিরিক্ত সচিব অবসরে

সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. হেলাল উদ্দিন। আগামী ৩০ মার্চ তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করবেন। বর্তমানে হেলাল উদ্দিন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বাজেট অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মুনীর চৌধুরীকে সরকারি চাকরি থেকে ২৫ ফেব্রুয়ারি অবসর প্রদান করা হলো।
মুনীর চৌধুরী ২০১৬ সালের সেপ্টেম্বরে দুদকের মহাপরিচালক (প্রশাসন) পদে যোগ দেন। এর আগে তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), মিল্ক্ক ভিটা, পরিবেশ অধিদপ্তর, সমুদ্র পরিবহন অধিদপ্তর, চট্টগ্রাম বন্দরসহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরে দায়িত্ব পালন করেছেন। এসব প্রতিষ্ঠানে থাকাকালে তিনি অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখায় আলোচিত হয়েছেন। চালিয়েছেন সাঁড়াশি অভিযান। চট্টগ্রাম সমুদ্রবন্দর, খাদ্য ও পরিবেশ খাত, ভূমি প্রশাসন, বিদ্যুৎ, ওয়াসা ও মিল্ক্ক ভিটায় দুর্নীতিবিরোধী অভিযান চালিয়ে তিনি চার হাজার কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার করেছেন। এ ছাড়া দুঃসাহস নিয়ে কাজ করেছেন জালিয়াতি ও প্রতারণা করে রাজস্ব ফাঁকির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো দল বা মতের ছিল- তা তিনি দেখেননি। সরকারের স্বার্থ রক্ষা ছিল তার মূল লক্ষ্য। দুর্নীতির বিরুদ্ধে এসব কাজ করতে গিয়ে তিনি কারও রক্তচক্ষুকে ভয় করেননি।
এদিকে ৫ মার্চের এক প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী পিআরএল ভোগরত অতিরিক্ত সচিব মোহাম্মদ মুনীর চৌধুরীকে তাঁর অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী একবছর মেয়াদে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর মহাপরিচালক (ডিজি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
ঢাকাটাইমস/০৭মার্চ/এসএস/
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































