তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন, যান চলাচল বন্ধ

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা সোয়া বারোটার দিকে তারা কলেজের সামনে রাস্তার দুই পাশ বন্ধ করে দেন। ফলে গুলশান-১ থেকে আমতলী হয়ে জাহাঙ্গীর গেট/মহাখালী অভিমুখী এবং বিপরীত দিকের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চালকদের বিকল্প সড়ক ব্যবহার করতে হবে। এ জন্য কয়েকটি ডাইভারশন রুট নির্ধারণ করা হয়েছে।
ডাইভারশন রুটসমূহ:
উত্তরার দিক থেকে আসা যানবাহন যারা আমতলী হয়ে গুলশান-১ এর দিকে যেতে চান, তারা কাকলী মোড়ে বামে ঘুরে গুলশান-২ হয়ে গুলশান-১ (পুলিশ প্লাজা রুট) ব্যবহার করতে পারবেন।
জাহাঙ্গীর গেট/মহাখালী থেকে আমতলী-গুলশান-১ এর দিকে আসতে চাওয়া যানবাহন সোজা উত্তরে গিয়ে বনানী কবরস্থানের সামনে ছোট যানবাহনের ইউটার্ন অথবা আর্মি স্টেডিয়ামের সামনে বড় যানবাহনের ইউটার্ন নিয়ে গুলশান-২ হয়ে গন্তব্যে যেতে পারবেন।
উত্তরের দিক থেকে আসা যানবাহন মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে জাহাঙ্গীর গেটের দিকে যেতে পারবেন।
একইভাবে জাহাঙ্গীর গেট থেকে মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরের দিকে যাওয়া যাবে। পুলিশ চালকদের অনুরোধ করেছে নির্ধারিত রুট ব্যবহার করতে এবং আন্দোলনস্থল এড়িয়ে চলতে।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এলএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































