আমি কোনো দলের আপন হতে চাই না: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল প্রতিনিধি
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৫| আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১৭:২০
অ- অ+

আমি কোনো দলের, গোষ্ঠীর বা স্বার্থান্বেষী মহলের আপন হতে চাই না বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি আরও বলেন, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি।

শনিবার (১০ জানুয়ারি) রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, তার নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই—৫২-এর ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদার করেননি; তা করেছিলেন ছাত্রসমাজ ও সাধারণ খেটে খাওয়া মানুষ। সেই আন্দোলনে তাঁর বাবাও অংশ নিয়েছিলেন। সাধারণ মানুষের আত্মত্যাগেই ভাষা আন্দোলন সফল হয়েছে। তাই তিনি সাধারণ মানুষের প্রয়োজনেই নির্বাচনে অংশ নেবেন।

তিনি বলেন, একইভাবে মহান মুক্তিযুদ্ধেও সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল বলেই গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছিল। ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর গণঅভ্যুত্থানও সাধারণ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত। ২৪-এর গণঅভ্যুত্থানের ৫ আগস্ট রাজপথে সাধারণ মানুষ তার দলের অন্য কোনো নেতাকে দেখেনি বলেও মন্তব্য করেন তিনি।

রুমিন বলেন, তাই আমি বলি—যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আমি কোনো দলের, গোষ্ঠীর বা স্বার্থান্বেষী মহলের আপন হতে চাই না। আমি আমার মাটির মানুষের আপন। তাদের মুখের দিকে তাকিয়েই আমি আমার জীবন বাজি রেখেছি।

তিনি আরও বলেন, যারা কিছুদিন আগেও রাজনীতির মাঠে তেমন পরিচিত ছিলেন না, তারাই এখন তার নেতাকর্মীদের মামলা ও হুমকি দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, তাঁর কোনো নেতাকর্মীর গায়ে হাত তুললে তার জবাব দিতে হবে।

রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনার মতো শক্তিশালী প্রশাসনকেও তিনি কখনও ভয় পাননি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তাই ব্যালট বাক্স ভরে কোনো বিশেষ মার্কাকে জয়ী করার সুযোগ নেই। কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার আগে তাঁকে জবাব দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

নির্বাচনী অফিস উদ্বোধন শেষে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবজাল হোসেন, সরাইল সরকারি কলেজের সাবেক ভিপি মো. ওসমান, সরাইল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। দোয়া পরিচালনা করেন শাহবাজপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মুফতি শহিদুল ইসলাম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি আইস উদ্ধার
৫ আগস্ট উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি
বেলকুচিতে দিগন্ত ক্রিয়েটিভ একাডেমির যাত্রা শুরু
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা