মায়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশুর চিকিৎসায় বিজিবির আর্থিক সহায়তা

মায়ানমার থেকে ছোড়া গুলিতে আহত বাংলাদেশি শিশু হুজাইফা সুলতানা আফনান (৯)-এর উন্নত চিকিৎসার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে।
সোমবার সকালে উখিয়ার ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শিশুটির মায়ের হাতে এই নগদ অর্থ তুলে দেন।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১১ জানুয়ারি) সকালে মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যং তেচ্ছি ব্রিজ এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা সুলতানা আফনান গুলিবিদ্ধ হয়।
আহত অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন তার উন্নত চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে।
এর ধারাবাহিকতায় মানবিক সহায়তার অংশ হিসেবে আজ শিশুটির পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হলো।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































