সাত কলেজ শিক্ষার্থীদের ৪ পয়েন্টে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৬, ১৪:২৮
অ- অ+

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে সায়েন্সল্যাব, ফার্মগেট, টেকনিক্যাল মোড় ও মহাখালী এলাকায় মিছিল নিয়ে জড়ো হয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। এতে এসব এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারিই তাদের মূল দাবি। নানা অজুহাতে এই অধ্যাদেশ জারি বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। অবিলম্বে অধ্যাদেশ জারি না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা দাবি জানান, আগামী উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫-এর হালনাগাদ খসড়ার অনুমোদন দিতে হবে এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

একই দাবিতে রাজধানীর টেকনিক্যাল মোড়েও অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টার পর থেকে দলে দলে এসে সেখানে জড়ো হন তারা।

এর আগে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বুধবার রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পর পক্ষে-বিপক্ষে আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে একাধিক পরামর্শ সভা করে।

শিক্ষার্থীদের দাবি, স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে খসড়াটি হালনাগাদ করা হয়েছে। গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল।

আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই সভাতেই হালনাগাদ খসড়ার অনুমোদন ও অধ্যাদেশ জারির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।

(ঢাকাটাইমস/১৪ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার