২০২৬ সালে হজে যেতে ৭৬ হাজার ৫৮০ জন বাংলাদেশির নিবন্ধন সম্পন্ন

২০২৬ সালে পবিত্র হজ পালনের জন্য মোট ৭৬ হাজার ৫৮০ জন বাংলাদেশি হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে ৭২ হাজার ৩৪৪ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং ৪ হাজার ২৬০ জন সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের কোটা নির্ধারণ করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানান, সাধারণ হজযাত্রীদের পাশাপাশি মেডিকেল টিম, হজ গাইড, প্রশাসনিক ও কারিগরি দলের সদস্যরাও সৌদি আরবে যাবেন হজযাত্রীদের সহায়তার জন্য। এ সংক্রান্ত তালিকা সৌদি কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
হজ অফিসের তথ্যমতে, ২০২৬ সালে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন হজ পালন করবেন।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন শেষ হয় ২০২৫ সালের ১৬ অক্টোবর। এর আগে একই বছরের ২৭ জুলাই নিবন্ধন কার্যক্রম শুরু হয়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় হজ এজেন্সি ও এয়ারলাইন্সগুলোকে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে ২০২৬ সালের হজযাত্রীদের ফ্লাইট শুরু হবে।
সৌদি সরকার সব হজযাত্রীর জন্য মেডিকেল ফিটনেস সনদ বাধ্যতামূলক করেছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “হজযাত্রা নির্বিঘ্ন করতে স্বাস্থ্য সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকলে সাধারণ স্বাস্থ্য সমস্যা সহজেই মোকাবিলা করা সম্ভব।”
হজযাত্রীরা ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বায়তুল মুকাররম হজ অফিস ও আশকোনা হজ অফিসের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেন।
বাংলাদেশি হজযাত্রী পরিবহনের দায়িত্বে থাকবে তিনটি এয়ারলাইন্স—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।
নির্দেশনা অনুযায়ী, হজ এজেন্সিগুলোকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে মোট হজযাত্রীর ২০ শতাংশ পাঠাতে হবে। বাকি যাত্রীরা ফ্লাইটের প্রথম ও শেষ পর্যায়ে যাবেন। একই সঙ্গে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে কোনো এজেন্সি ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করতে পারবে না।
ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত নির্দেশনার আলোকে টিকিট ইস্যু ও ফ্লাইট পরিচালনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
(ঢাকাটাইমস/২১ জানুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































