জামায়াতের সঙ্গে জোটে যাওয়ায় এনসিপিতে যোগ দেননি মাহফুজ আলম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৬, ১৪:৪৩
অ- অ+

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের শুরু থেকেই দলটিতে যোগ দেওয়া নিয়ে আলোচনা ছিল জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম পুরোধা ও সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে। অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগের পর তিনি এনসিপিতে যোগ দেবেন—এমন প্রত্যাশাও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সে পথে হাঁটেননি মাহফুজ। এবার এর কারণ ব্যাখ্যা করেছেন তিনি।

মাহফুজ আলম জানান, এনসিপিতে যোগ দেওয়ার আলোচনা অনেক দিন ধরেই চলছিল। তবে তার প্রত্যাশা ছিল, এনসিপি যদি বৃহত্তর জুলাই আমব্রেলার মাধ্যমে একটি স্বতন্ত্র তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হতো, তাহলে দলটিতে যোগ দেওয়া তাঁর জন্য সহজ হতো।

মাহফুজ বলেন, ‘কিন্তু পরবর্তী ঘটনাপ্রবাহে দেখা গেল, এনসিপি জামায়াতের সঙ্গে জোটে যেতে একপ্রকার বাধ্য হলো—তাদের বর্ণনা অনুযায়ী। আমি যেহেতু শুরু থেকেই বলে আসছি, জামায়াতের সঙ্গে রাজনীতি করা কিংবা বিদ্যমান বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটে না গিয়ে কীভাবে তৃতীয় শক্তি হিসেবে দাঁড়ানো যায়, সেটাই আমাদের ভাবনা ছিল।’

তিনি জানান, এনসিপির এই সিদ্ধান্তের কারণেই তিনি দলটিতে যোগ দেননি। তার ভাষায়, ‘আমি চাইনি এনসিপি জামায়াতের সঙ্গে জোটে যাক। কিন্তু যেহেতু তারা সেই সিদ্ধান্ত নিয়েছে, আমি আমার নিজের অবস্থান স্পষ্ট করেছি এবং একা আমার অবস্থান নিয়ে আছি।’

এনসিপি ও জামায়াতের জোটে সাধারণ মানুষের প্রত্যাশা ভেঙেছে বলেও মনে করেন মাহফুজ আলম। তিনি বলেন, ‘মানুষ চাচ্ছিল একটি তুলনামূলক নতুন, পরিচ্ছন্ন, এনার্জেটিক এবং প্রমিজিং তৃতীয় শক্তি আসুক। এই জোটের কারণে সেখানে ভাটা পড়েছে।’

নির্বাচনী রাজনীতির প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, এই জোটে জামায়াত লাভবান হতে পারে, তবে এনসিপির সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তার মতে, ‘জামায়াতের পক্ষে একটা জোয়ার তৈরি হয়েছে। মাঠ পর্যায়ে তাদের সাংগঠনিক শক্তি আছে, ফলে কিছু আসনে তারা ভালো করতে পারে। কিন্তু এনসিপিকে মানুষের হতাশা, আস্থাহীনতা আর ক্ষোভ মোকাবিলা করতে হবে। সেটা তারা পারবে কি না, আমি নিশ্চিত নই।’

বর্তমানে প্রথাগত রাজনীতির বাইরে থেকে নিজের কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মাহফুজ আলম। তিনি বলেন, ‘আমরা যে কথাগুলো এত দিন ধরে বলে মানুষকে আশান্বিত করেছি, সেই কথাগুলো বলেই যেতে চাই। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সমাজের রূপান্তর কিংবা অর্থনৈতিক রিমডেল—এসব বিষয়ে কথা বলার জায়গা ধরে রাখতেই আমি আলাদা পথ বেছে নিয়েছি।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাবদাহে বিপর্যস্ত বেলজিয়াম, প্রাণ গেল ২ হাজারের বেশি মানুষের
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা